রোজা রেখে, নামাজ পড়ে ভূমি দখল করলে আমল হবে না: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, রমজান কুরআন নাজিলের মাস। এই মাসে বেশি বেশি ভালো কাজ করেন। তাহাজ্জুদের নামাজ পড়েন। খারাপ কাজ থেকে বিরত রাখবেন। কারণ রোজা রেখে, নামাজ পড়ে, খারাপ কাজ করলে মানুষের জায়গা দখল করলে আমল হবে না।

শুক্রবার (২৪ মার্চ) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানুল্লাহ পাড়া শাহী জামে মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রতিবেশি এবং অমুসলিমদের কষ্ট দিয়েন না। কেননা অহেতুক বিধর্মীদের কষ্ট দিতে রাসুল (সাঃ) নিষেধ করেছেন।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, মানুষদের জায়গা জমি দখল করে, অবৈধ কাজকর্ম করে সম্পদ অর্জন করবেন সেই ধন-সম্পদ কিছুই কবরে নিতে পরবেন না। সবকিছু দুনিয়ায় রেখে যেতে হবে।

তিনি আরও বলেন, মানুষের সব চেয়ে বড় শত্রু হলো তার মুখ। তা-ই মুখকে হেফাজত করতে হবে। রাসুল (সাঃ) মুখকে হেফাজত করতে নির্দেশ দিয়েছেন৷ তা-ই আমাদের ভালো খাবার খেতে হবে ভালো কথা বলতে হবে।

এ সময় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. মান্নান চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, চাতরি ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি জাফর উদ্দীন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, মুজিবুর রহমান, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, ইউপি সদস্য মুছা তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।