‘আপনারা যে খাবার কিনছেন সেটি আপনার পরিবারের জন্য কতটা নিরাপদ-সেটা বোঝাতে আমরা ভোক্তাদের কাছে এসেছি। বিক্রেতাদেরও আমরা বলতে চাই, আপনারা যে খাবার তৈরি করেছেন এবং ভোক্তাদের হাতে পৌঁছে দিচ্ছেন তা কতটা নিরাপদ এবং তার নিরাপত্তা কত জরুরি তা বোঝাতে এসেছি।’
সোমবার (২৭ মার্চ) বিকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে ইফতার বাজারে সচেতনতামূলক অভিযানে যান চিত্রনায়ক ফেরদৌস। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কেউ যদি মনে করে খাবার স্বাস্থ্যসম্মত হচ্ছে না, সে ক্ষেত্রে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের টোল ফ্রি নাম্বারে (১৬১৫৫) কল করলে প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে ব্যবস্থা নেবেন।
ফেরদৌস বলেন, আমি চকবাজারে এসে একটা মশা, মাছি বা নোংরা পাইনি। সবাই মাস্ক পরে, হ্যান্ডগ্লাভস পরে খাবার তৈরি, পরিবেশন ও বিক্রি করছেন। এই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব ক্রেতা-বিক্রেতাদের। এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বুথ আছে, তারা দেখবে। যেহেতু চকবাজার বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতার বাজার, দেশের বিভিন্ন স্থানের মানুষ এখানকার ইফতার নিতে আসেন, সেহেতু এর প্রতি আলাদা দৃষ্টি দেওয়া আমাদের দায়িত্ব।
এছাড়া চকবাজারের ইফতার বিক্রেতাদের মধ্যে হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা ছাড়াও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।