নিয়োগ জালিয়াতি, পালিয়ে গেল কমিটির সদস্যরা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা না করে কমিটির সদস্যদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ মার্চ) উপজেলার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার বিকালে উপজেলার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। নিয়োগ পরীক্ষার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষক।

PANCHAGARH SCHOOL PIC-01

এ সময় চাকরি প্রার্থী ও স্বজনরা জালিয়াতি ও স্বজনপ্রীতি করে বিদ্যালয়ের সভাপতির ভাতিজা ও প্রধান শিক্ষকের বোনকে নিয়োগ দেওয়ার অভিযোগে পরীক্ষায় দায়িত্বপ্রাপ্তদের অবরুদ্ধ করেন। একপর্যায়ে কৌশলে বিদ্যালয় থেকে পালিয়ে যান নিয়োগ কমিটির সদস্যরা। এ ঘটনায় অন্য চাকরি প্রার্থী ও স্বজনরা বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি শান্ত করেন।

কয়েকজন চাকরি প্রার্থী অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সহকারী প্রধান শিক্ষক পদে তার বোন জেবুন বেগমকে ও ম্যানেজিং কমিটির সভাপতি আকবর আলী তার ভাতিজা ইমরান খানকে অফিস সহায়ক পদে নিয়োগ দেন। পরিছন্নতা কর্মী পদে আরজু বেগমকে টাকার বিনিময়ে নিয়োগ দেন। পরীক্ষার আগেই এসব পদে তাদের চাকরি হবে খবর পাওয়া গেছে। জালিয়াতি করেছে বলে ফলাফল ঘোষণা না করেই পালিয়ে গেছেন। তাদের দাবি গত ১৯ মার্চ এসব পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চাকরি প্রার্থীরা বিদ্যালয়ে দিনভর থেকে ফিরে যান। সেদিন পরীক্ষা নেননি।

স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমীন বলেন, নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরে টালবাহানা চলছিল। বিভিন্ন জনের থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষাতে কোনো স্বচ্ছতা ছিল না।

PANCHAGARH SCHOOL PIC-03

শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি জাকির হোসেন বলেন, ফলাফল ঘোষণা করবে বিদ্যালয় কমিটির সভাপতি আকবর মুহুরি এবং প্রধান শিক্ষক রেজাউল করিম। আমাদের দায়িত্ব হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়ার। ফলাফল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির হাতে দিয়ে এসেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী বলেন, নিয়োগ কমিটি পালিয়ে যায়নি। পরীক্ষা নিয়ম মেনে হয়েছে। ফলাফল প্রকাশের দায়িত্ব বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও সভাপতি আকবর আলী বলেন, রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। যেহেতু নিজস্ব লোক নেওয়া হয়েছে তাই কোনো আর্থিক লেনদেন হয়নি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, চাকরি প্রার্থীরা মুঠোফোনে অভিযোগ করেছেন। এখনো লিখিত অভিযোগ পাইনি। নিয়োগে জালিয়াতি হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।