বাংলাদেশকে হারালেন চেলসির সাবেক ডিফেন্ডার

মাইকেল ম্যানসিয়েন। নামটা খুব একটা পরিচিত নয়। তবে চেলসির পাঁড় সমর্থক হলে হয়তো আপনি শুনেছেন এই ডিফেন্ডারের কথা। চেলসির যুব দল পেরিয়ে মূল দলেও তো ছিলেন কয়েক বছর। জার্মান ফুটবলের খোঁজ-খবর রাখলেও তাকে চিনে থাকবেন হয়তো। এবারের প্রিমিয়ার লিগে খেলা নটিংহাম ফরেস্টেও একসময় খেলেছেন ম্যানসিয়েন। ভাবছেন হঠাৎ এই ডিফেন্ডারের কথা কেন আসছে? সেশেলসের জার্সি গায়ে এই ম্যানসিয়েনই যে ‘ঘাতক’! তার গোলেই হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ খেলতে এসেছিল সেশেলস। প্রথমটি হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে দলটি। আজ (মঙ্গলবার) সিলেট জেলা স্টেডিয়ামে সেশেলসের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। পেনাল্টি গোলে জয়ের নায়ক একসময় চেলসিতে খেলা ম্যানসিয়েন।

পেনাল্টি ‘উপহার’ দিয়ে বাংলাদেশের সর্বনাশ ডেকে আনেন সাদ উদ্দিন। নিজেদের সীমানায় সেশেলসের এক খেলোয়াড়কে আঘাত করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে কি আর ভুল হয়! ম্যানসিয়েন ঠাণ্ডা মাথায় গোল করে এগিয়ে নেন সফরকারীদের। তাতে আগের ম্যাচের হারের মধুর প্রতিশোধ সেরে নিয়েছে সেশেলস।

অথচ গোলের সুযোগ তৈরি কিংবা সম্ভাবনা-সব দিক থেকে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু আক্রমণে গিয়েও ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি স্বাগতিকদের। শুরুর একাদশে ছিলেন না জামাল ভূঁইয়া। দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামেন। আক্রমণে শক্তি বাড়াতে যোগ দেন এলিটা কিংসলে। তাতেও কাজ হচ্ছিল না।

উল্টো ৬০ মিনিটে এগিয়ে যায় সেশেলস। সাদ উদ্দিন ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। ম্যানসিয়েন বুদ্ধিদীপ্ত শটে গোলকিপার আনিসুর রহমান জিকোকে ফাঁকি দিয়ে উদযাপনের মাতেন। শেষ পর্যন্ত ওই গোলটাই ব্যবধান গড়ে দেয়। 

প্রথম ম্যাচ বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল। আর দ্বিতীয় ম্যাচ সেশেলস জিতলো একই ব্যবধানে। ফলে দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। যার শেষটা লিখে দিলেন চেলসিতে খেলা এক ডিফেন্ডার!