শিশুখাদ্যের কারখানায় যৌথ অভিযান

রাজধানীর বছিলায় এ আর কনজ্যুমার নামের একটি নকল শিশুখাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। পরে সেখানে উপস্থিত হন জাতীয় ভোক্তা অধিকারের কর্মীরা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি)র নেতৃত্বে অভিযানে দেখা যায়, কারখানায় ললিপপ জুস এবং ম্যাঙ্গো ফ্লেভার জুসে তৈরি করা হচ্ছিল। বিএসটিআই (BSTI) থেকে এ আর কনজ্যুমার লিমিটেড নামে ওই পণ্য ২টির মোড়কজাতকরণের অনুমোদন নেওয়া আছে, কিন্তু সিএম লাইসেন্স নেই। এছাড়া ম্যাঙ্গো ফ্লেভার জুসের মোড়কে এ আর কনজ্যুমার লিমিটেডের পরিবর্তে Vegan নাম দেওয়া হয়েছে। 

obizan-1

মালিককে না পেয়ে তিন কর্মচারীকে আটক করা হয়েছে। জব্দ করা হয় যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের খাবার। অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেওয়া হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।