এক ম্যাচে যত রেকর্ড বাংলাদেশের

ওয়ানডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে লিটন দাসের ব্যাটিং তাণ্ডবের পর সাকিবের ঘূর্ণিতে আইরিশদের ৭৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। সিরিজ জয়ের দিনে নতুন বেশকিছু রেকর্ড গড়েছে বাংলাদেশ।

লিটন দাস।

টসে হেরে ব্যাট করতে নেমে আইরিশ বোলারদের ওপর চড়াও হয় ব্যাটার লিটন দাস। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১৮ বলে অর্ধশতক পূরণ করেন লিটন। সেইসঙ্গে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির মালিক হন এই ব্যাটার। এর আগে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল আশরাফুলের দখলে। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। 

রনি তালুকদার ও লিটন দাস।

এই ম্যাচে ওপেনিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১২৪ রান সংগ্রহ করে লিটন দাস ও রনি তালুকদার। যা বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের জুটি। সেইসঙ্গে রনি ও লিটনের ব্যাটে ভর করে মাত্র ২১ বলে ৫০ রান তুলে দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড গড়ে বাংলাদেশের। এরপর ৪৩ বলে শতরান তুলে দ্রুততম দলীয় শতরানের রেকর্ডও বাংলাদেশকে এনে দেন এই দুই ব্যাটার। 

সাকিব আল হাসান।

অন্যদিকে, বল করতে নেম ৫ আইরিশ ব্যাটারকে সাজঘরে ফেরান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আর এই ৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে রেকর্ড গড়লেন সাকিব। ১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারির রেকর্ড দখলে রেখেছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। সাউদির সেই রেকর্ড ভেঙে এখন সর্বোচ্চ উইকেটের মালিক বিশ্বসেরা এই অলরাউন্ডার। ১১৪ ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে শীর্ষে এখন সাকিব।