জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ উদযাপন কর্মসূচি শুরু

জাটকা রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ০১ হতে ০৭ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘করলে জাটকা সংরক্ষণ-বাড়বে ইলিশ উৎপাদন’। শনিবার (১ এপ্রিল) পিরোজপুরসহ দেশব্যাপী উদযাপিত এই সপ্তাহ উদ্বোধন করা হয়।

জাতীয় ভিত্তিক উদযাপিত এই সপ্তাহের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। উদ্বোধন শেষে হুলারহাটের কালিগঙ্গা ও কচাঁনদীতে আড়ম্বরপূর্ণ এক নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়।

মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পিরোজপুরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। 

মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, নৌ-পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান, নৌ-বাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন এস এম এনামুল হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ ও আওয়ামী মৎস্যজীবি লীগের জেলা আহবায়ক সিকদার চাঁন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আজকের জাটকা আগামী দিনের ইলিশ। এই উদ্দেশ্যে জাটকা মারা বন্ধ করতে হবে। জাটকা নষ্ট করতে দেয়া যাবে না। ইলিশের প্রজনন ক্ষেত্র, মা ইলিশ ও জাটকা নষ্ট করা হচ্ছে। সরকারের পৃষ্ঠপোষতায় ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের ৮০ শতাংশ ইলিশ আজ বাংলাদেশে উৎপাদিত হয়। বর্তমানে বাংলাদেশে পাঁচ লাখ ৬৭ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয়। যা ৯৮ সালে ছিলো দুই লাখ ৫৮ হাজার মেট্রিক টন। বিভিন্ন সময় ইলিশ ধরা বন্ধ রাখায় জেলেরা যে ক্ষতিগ্রস্ত হয়, তা পূরণের জন্য খাদ্য সহায়তা প্রদানসহ তাদের বিকল্প কর্মসংস্থান দেওয়া হচ্ছে। 

মন্ত্রী আরও বলেন, জাটকা নিধনের কার্যক্রমে কেউ যাতে অংশ না নেন তার জন্য মৎস্য মন্ত্রণালয়ের উদ্যোগে এই জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাছে ভাতে বাঙালি আমাদের এই যে বর্ণাঢ্য সংস্কৃতি তা আমরা ফিরিয়ে আনছি।
 
নদীতে অনুষ্ঠিত নৌ-র‌্যালিসহ উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ জেলেরা অংশ নেন।