রংপুরের পীরগঞ্জ পৌরসভা

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীমের বিরুদ্ধে অর্থ লোপাটসহ বিভিন্ন অভিযোগে ১১ কাউন্সিলর অনাস্থা প্রস্তাব করেছে। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রংপুর বিভাগীয় উপ-পরিচালক কাছে মেয়রের বিরুদ্ধে ভুয়া দরপত্র দেখিয়ে কাজ করানো, দরপত্র আহ্বান না করা, সরকার বিভিন্ন বরাদ্দ করা অর্থ লোপাট, ক্ষমতার অপব্যবহারসহ প্রায় ১০ কোটি টাকা লোপাট করার অভিযোগ করেছে পৌরসভার ১১ কাউন্সিলর। 

সোমবার (৩ এপ্রিল) সংবাদ সম্মেলন করে পৌর মেয়র শামীমের বিরুদ্ধে এই অভিযোগ এনে দ্রুত তদন্ত সাপেক্ষে তাকে অপসারণের দাবি জানিয়েছেন। এ সময় ১১ কাউন্সিলরের মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে  অভিযোগ করা হয়, মেয়র শামীম পৌরসভার মাসিক সভা করেন তার ইচ্ছেমতো। সভার আগে কাউন্সিলরদের কোনো নোটিশ দেন না। সভার ২-৩ ঘণ্টা আগে তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে উপস্থিত হবার কথা জানানো হয়। কোনো আলোচনা না করে সভার রেজুলেশন না লিখে স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে সভার সিদ্ধান্তের কপি তাদের দেওয়া হয় না। চলতি বছরের জানুয়ারি থেকে পৌরসভার কোনো সভা আহবান না করে একক ক্ষমতা বলে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন।  

তারা আরও অভিযোগ করেন, ২০১৯-২০ অর্থবছরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কার ও নির্মাণ কাজ করা হয়। একই কাজ পুনরায় দরপত্র আহ্বানের মাধ্যমে কোনো কাজ না করেই ৪২ লাখ টাকা আত্মসাৎ করে। এছাড়া ২০২১-২২ অর্থবছরে আর্থিক সহায়তা খাতে ২১ লাখ টাকা উত্তোলন করে লোপাট, চিকিৎসা খাতে ও বিবিধ খাতে অর্থ সহায়তা দেখিয়ে অর্থ লুট, বিভিন্ন দিবস উদযাপন খাতের বিল উপজেলা পরিশোধ কর্তৃক ব্যয় করা হলেও পৌর তহবিল থেকে ভুয়া বিল দেখিয়ে লুটপাট করা হয়। 

পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের মোবাইল ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা ইয়ামিন বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।