গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১১২ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ৯ কেজি ৮৭৭ গ্রাম স্বর্ণ, ছয় কেজি ৪৩৩ গ্রাম রুপা, ৪ লাখ ২৫ হাজার ৪৬৮টি কসমেটিক্স সামগ্রী, ৫ হাজার ৭১১টি ইমিটেশন গহনা, ১৩ হাজার ১৭০টি শাড়ি, ১ হাজার ৭০৬টি থ্রিপিস/ শার্টপিস/ চাদর/কম্বল, ৭ হাজার ৪১৩টি তৈরি পোশাক, ১ হাজার ০৮২ ঘনফুট কাঠ, ৫ হাজার ৭০৪ কেজি চা-পাতা, ৯০ হাজার ৩৪ কেজি কয়লা, ৮৭১ কেজি কারেন্ট/সুতার জাল, চারটি ট্রাক/কাভার্ড ভ্যান, চারটি পিকআপ, ১৩টি প্রাইভেট কার, ২৭টি সিএনজি/ইজিবাইক এবং ৬১টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, একটি মর্টার শেল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি।
জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ২ লাখ ৯৭ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ কেজি ৭৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৭ কেজি ৫৬৭ গ্রাম হেরোইন, ২১ হাজার ১৫৮ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৩৩৬ বোতল বিদেশি মদ, ৪১৫ লিটার বাংলা মদ, ২ হাজার ৬৯৬ ক্যান বিয়ার, ২ হাজার ৩০৮ কেজি গাঁজা, ১ লাখ ৯০ হাজার ৬৯০ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২৫ হাজার ৭১৮টি নেশাজাতীয় ইনজেকশন, ৪ হাজার ১৮৫টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৬০১ বোতল এমকেডিল/কফিডিল, ৩ লাখ ৩৩ হাজার ৭০৭ পিস বিভিন্ন প্রকার ওষুধ এবং ৬৮ হাজার ৫৫৩টি অন্যান্য ট্যাবলেট। এছাড়াও মার্চ মাসে অভিযান চালিয়ে ৯২ একর জমিতে চাষকৃত পপিখেত ধ্বংস করা হয়েছে।
বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৭ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি