ধোঁয়ায় ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ

রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৪১টি ইউনিট। 

সরেজমিনে দেখা যায়, ধোঁয়ার কুণ্ডলীতে ছেঁয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। প্রচণ্ডতাপে ঘটনাস্থলের আশপাশে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। তবে কোনোভাবেই আগুন তীব্রতা কমছে না। সময়ের সঙ্গে সঙ্গে তীব্রতা বেড়ে যাচ্ছে। এদিকে, ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমান বাহিনী ও সেনা বাহিনীর ফায়ার ইউনিট। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।