রাজধানীর বঙ্গবাজারে মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিটের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের টাওয়ারেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, আগুনের কুণ্ডিকে এলাকার আকাশ লালা আর কালো ধোয়ায় একা একা হয়ে আছে। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে।
মার্কেটের ব্যবসায়ীরা যে যার মতো মালামাল রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু এরইমধ্যে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন বলে জানিয়েছেন। আসন্ন ঈদ উপলক্ষ্যে তারা অনেক মালামাল তুলেছেন। আগুনে সেগুলো পুড়ে গেছে।
কান্না জড়িত কণ্ঠে শাকিল নামে এক ব্যবসায়ী বলেন, ঈদ উপলক্ষ্যে লাখ লাখ টাকার মালামাল তুলেছি। আমার সব শেষ হয়ে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করেছে। ঢাকার সব ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।