রুশ সামরিক ব্লগার ভ্লাদলেন তারাস্কি হত্যার সন্দেহভাজন নারী দারিয়া ট্রেপোভা ক্যাফেতে মূর্তিটি নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। মূর্তিটি বিস্ফোরিত হয়ে ব্লগার মারা যায় এবং ২৫ থেকে ৩০ জন আহত হয়। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে গ্রেফতার ট্রেপোভাকে বলতে শোনা যায়, 'আমি সেখানে একটি মূর্তি বহন করছিলাম, যা বিস্ফোরিত হয়।' কেন তাকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'আমি বলব, ভ্লাডলেন তারাস্কির মৃত্যুর সময় ঘটনাস্থলে থাকার জন্য।'
তবে, কে তাকে মূর্তিটি দিয়েছে তা জানাতে অস্বীকার করে ট্রেপোভা বলেন, 'আমি কি এটি সম্পর্কে পরে কথা বলতে পারি?' রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বিস্ফোরণে দেশটির সামরিক ব্লগার নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, বিস্ফোরণে নিহত ব্যক্তির নাম ভ্লাডলেন তারাস্কি। তিনি একজন সামরিক সংবাদদাতা ছিলেন। এদিকে ট্রেপোভার বন্ধুরা জানিয়েছেন, তিনি (ট্রেপোভা) একজন মেডিকেল ছাত্রী ছিলেন। মার্কেটিংয়ে ডিজাইনার ও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করার পাশাপাশি তিনি একাধিক পদে অধিষ্ঠিত ছিলেন।
তার পরিচিত একজন সাংবাদিকদের জানান, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ট্রেপোভা রাশিয়া ত্যাগ করেন। দেশে ফেরার আগে তিনি জর্জিয়ায় কয়েক মাস কাটিয়েছিলেন। তার আরেক বন্ধু গণমাধ্যমকে জানিয়েছেন, গত মাসে ট্রেপোভার সঙ্গে তার দেখা হয়। ওই বৈঠকে তিনি (ট্রেপোভা) তুরস্ক হয়ে ইউক্রেনে যাওয়ার পরিকল্পনার কথা জানান।
রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেপোভা ব্লগার ভ্লাদলেন তারাস্কির সঙ্গে বেশ কয়েকটি বার্তা বিনিময় করেছেন। তারাস্কি যে কয়েকটি ইভেন্টে অংশ নিয়েছিলেন, সেখানেও ওই নারী অংশ নিয়েছিলেন।