সাফে খেলতে পারে সৌদি এবং মালয়েশিয়া

গতকাল সোমবার (৩ এপ্রিল) বিকালে সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন মিয়ানমারে অলিম্পিক নারী ফুটবল বাছাইয়ে খেলতে না পাঠানোর কারণ জানাতে গিয়ে সাফের ব্যাপারেও কথা বলেন। সাফে সৌদি আরব এবং মালয়েশিয়া খেলতে পারে বলে জানান সালাউদ্দিন।

সাফের সাত দেশের মধ্যে শ্রীলঙ্কা খেলবে কি না সেই নিশ্চয়তা নেই। ২০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া রয়েছে তাদেরকে। ধরেই নেওয়া হয়েছে শ্রীলঙ্কা আসতে পারবে না। নতুন দল নেওয়া হবে। সৌদি আরব এবং মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি। 

সালাহউদ্দিন বলেন, ‘সাফের সভায় আমরা আলোচনা করেছি। এবার সাফে সৌদি আরব এবং মালয়েশিয়াকে ঢোকাতে চাচ্ছি। আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীলঙ্কা সাসপেনশনে আছে। ভালো দলের বিপক্ষে খেলতে পারলে উন্নতি হবে। খেলতে খেলতে জিতবে।’ 

এবার সাফে আট দেশ খেলবে। শ্রীলঙ্কা খেললে এক দেশকে নেওয়া হবে বাইরে থেকে। আর না খেললে দুই দেশকে নেওয়া হবে। ২১ জুন থেকে ৪ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতের ব্যাঙ্গালুরুতে।