টাঙ্গাইলের মধুপুরে নৈশকোচে ডাকাতি, ৫ যাত্রী আহত

টাঙ্গাইলের মধুপুরে মাদারগঞ্জ স্পেশাল পরিবহন নামের এক যাত্রীবাহী নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে।মঙ্গলবার ভোরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রক্তিপাড়া এলাকায় এ ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় বাসের ৫ যাত্রী আহত হয়।

এর আগে কয়েক মাস আগে একই স্থানে নৈশকোচে ডাকাতি ও এক নারী যাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। নৈশকোচে ডাকাতি বন্ধের জন্য কালিহাতী উপজেলার এলেঙ্গায় একটি হাইওয়ে পুলিশ ফাঁড়ি রয়েছে। কিন্তু ফাঁড়ির টহল দল শুধু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দায়িত্ব পালন করায় টাঙ্গাইল-ময়মসিংহ সড়কে প্রায়ই নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার মহাখালী থেকে রাত ১১টায় জামালপুরের মাদারগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। গাজীপুরের চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে ৮-৯ জনের ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে ওঠে। রাত দেড়টায় বাসটি ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী বাসস্ট্যান্ড পার হওয়ার পর মুখোশ পড়া ডাকাতদল চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। এরপর ঘুমন্ত যাত্রীদের থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় বাধা দিলে ডাকাতরা বাসের ৫ যাত্রীকে কুপিয়ে জখম করে। একপর্যায়ে তারা মধুপুরের রক্তিপাড়া নরকোণা নামক স্থানে নেমে যায়। 

মধুপুর থানার দায়িত্বরত চিৎকিসক ডা. রিদোয়ান আলম রিজভী বলেন, রাত ২টার দিকে জামালপুরের মেস্তা গ্রামের তারা মিয়া এবং সরিষাবাড়ীর সাতপোয়া গ্রামের কাকলী বেগম নামের দু'জনকে গুরুতর আহতবস্থায় হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিৎকিসা শেষে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
  
মধুপুর থানার ওসি মাজহারুল আমিন বলেন, বাসটি আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।