সম্প্রতি ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ড. শেখ আবদুস সালামের কণ্ঠ সদৃশ একাধিক অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় ইবি প্রতিটি ক্ষেত্র নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে নিয়ন্ত্রণহীনভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি থেকে উপাচার্যের বেশ কয়েকটি ‘কণ্ঠসদৃশ অডিও' সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্যাম্পাসে একধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের জন্য একইসঙ্গে বিব্রতকর ও অপমানজনক। এককথায় অডিওগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য একপ্রকার ইমেজ সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যে একটি অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এগুলো যেন না ঘটে এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আসে এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই কর্তৃপক্ষ তদন্ত করে, যে অডিও গুলো বা অভিযোগ এসেছে সেগুলোর সত্যতা আছে কিনা, যাচাই করা হোক। যদি সত্যতা থাকে, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, ফোরামের সহসভাপতি অধ্যাপক ড. শেলীনা নাসরীন, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনিছুর রহমান, সদস্য ড. সাদেক আলী, কেএম শরফুদ্দিন, শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, সদস্য শহিদুল ইসলামসহ আরও অনেকে।