দেশ গোল্লায় যাচ্ছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের  স্থানীয় সময় মঙ্গলবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। তবে তাকে হাতকড়া পরানো হয়নি। এরপর তিনি আদালতকক্ষে প্রায় এক ঘণ্টার মতো তার আইনজীবীকে নিয়ে শুনানিতে অবস্থান করেন। পরবর্তীতে রিপোর্টারদের কোনো কথার উত্তর না দিয়ে আদালতকক্ষ ত্যাগ করেন।

সাবেক পর্নো তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার মামলার শুনানিতে আনা ৩৪টি অভিযোগে সবকটিতেই এদিন ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন।

এরপর নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার নিজ বাসভবনে যান ট্রাম্প। সেখানে তিনি তার সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। ট্রাম্প দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে এদিক একহাত নিয়েছেন। ট্রাম্প বলেছেন, দেশ গোল্লায় যাচ্ছে।

trump 3

৭৬ বছর বয়সী ট্রাম্প বলেন, আমি কখনো ভাবিনি আমেরিকায় এমন হতে পারে, কখনো ভাবিনি এমনটা হবে। 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, আমার একমাত্র অপরাধ হচ্ছে এ দেশকে যারা ধ্বংস করতে যায় তাদের হাত থেকে নির্ভয়ে রক্ষা করা।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন  আদালত৷ পরবর্তী শুনানিতেও  ট্রাম্পকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্টর্মি ড্যানিয়েলস

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প৷ যৌন সম্পর্কের বিষটি গোপন রাখতেই এই তারকাকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ আসে৷ যদিও সেই পর্ন তারকার সাথে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন ট্রাম্প।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক কোনো প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি।