মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। আর শুরুতে বোলিং করেই প্রথম দিনেই সফরকারীদের স্বল্প পুঁজিতে আটকে দিয়েছেন টাইগাররা। এদিন টাইগার স্পিনার তাইজুলের ভেলকিতে লন্ডভন্ড হয়ে গেছে আইরিশদের উইকেট।
সফরকারীরা প্রথম ইনিংসে খেলেছে ৭৭ ওভার ২ বল। এ সময় সব উইকেট হারিয়ে তারা তুলতে সক্ষম হয়েছে মাত্র ২১৪ রান। মজার ব্যাপার হচ্ছে, আইরিশদের খেলা ৭৭ ওভারের মধ্যে ২৮ ওভারই করেছেন দলের টেস্ট স্পেশালিস্ট স্পিনার তাইজুল ইসলাম। আর তার সামনেই ভেঙে পড়েছে আইরিশদের প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা। তাইজুল তুলে নিয়েছেন টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের ১১তম ফাইফার। তাই অনুমিতই ছিল যে, প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনেও আসবেন তিনি।
গতকাল প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল জানান, তাদের পরিকল্পনাই ছিল আইরিশদের দ্রুত অলআউট করার। তিনি বলেন, ‘এটা আশা করার কিছু নাই। ওরা তো খেলার জন্যই আসছে আরকি। যেহেতু ওরা অনেক দিন পর পর টেস্ট খেলে, বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল যত তাড়াতাড়ি অলআউট করা যায় আরকি।’
মঙ্গলবার বাংলাদেশের বোলিংয়ে সফলতার দিনে শুরুতে বোলিংয়েই আসেননি অধিনায়ক সাকিব আল হাসান। শুধু শুরুতেই না, গোটা ইনিংসেই হাত ঘুরিয়েছেন মাত্র তিন ওভার, যা কিনা তার ক্যারিয়ারে এবারই প্রথম। তবে কেন অধিনায়ক এমন করল? বিশেষ কোনো কারণ রয়েছে কি না-এ বিষয়ে সংবাদ সম্মেলনে তাইজুলকে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন, ‘তেমন কোনো রিজন না। হয়তো আমাদের দিয়েই করানোর ইচ্ছা ছিল। আমরা বেশি স্ট্রাগল করলে উনি আসতেন। বেসিক্যালি আসলে উইকেট কী ডিমান্ড করে, এটা ইমপর্ট্যান্ট। আমার কাছে মনে হয়, উইকেটে ঘাস ছিল, যার জন্য তিনটা পেসার খেলানো। সঙ্গে সঙ্গে অপশন ছিল, তিন জন স্পিনারও ছিল। টিম কম্বিনেশনটা ঐভাবেই ছিল, উইকেটের বিহেভটা যেমন হবে, ঐভাবে অ্যাটাক করার আরকি।’
এদিকে বল হাতে গতকাল সারা দিন বাংলাদেশ চালকের ভূমিকায় থাকলেও দিন শেষে অনেকটা ব্যাকফুটে পড়ে গিয়েছে। কারণ, দিনের শেষ ভাগে মাত্র ১০ ওভার ব্যাট করেই টাইগাররা হারিয়ে ফেলেছে তাদের দুই ওপেনারকে। দলের খাতায় যুক্ত হয়েছে মাত্র ৩৪ রান। এই বাঁহাতি স্পিনার বলেন, ‘না, এটা আসলে এমন সময় উইকেটটা পড়ছে যে, আমরা একটু ব্যাকফুটে। ব্যাকফুটে বলব না ঠিক, হতে পারে। বাট এখান থেকে কামব্যাক করাটা ইমপর্ট্যান্ট আরকি। আপনি যদি ওদের একটা বড় স্কোর দিতে চান, এখন একটা বড় পার্টনারশিপ লাগবে।’
৯ ইনিংস পর টেস্ট স্পেশালিস্টের আবার ৫ উইকেট শিকারের অনুভূতি জানতে চাইলে তাইজুল বলেন, ‘অবশ্যই এটা ভালো লাগার বিষয়, ফার্স্ট ইনিংসে ৫ উইকেট। আর উইকেটের যেমন অবস্থা, এরকম উইকেটে ৫ উইকেট পাওয়াটা ডিফিকাল্ট হয়। তো আলহামদুল্লিলাহ, ৫ উইকেট পেয়েছি।’