সরকারি অর্থ পাওয়ার আশায় বাফুফে

ফুটবল উন্নয়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ৫৮৭ কোটি টাকার বাজেট চেয়েছিল বাফুফে। কিন্তু সেই প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয় পর্যন্ত গেলেও সেটি অনুমোদন হয়নি। না হওয়াতে মুখ থুবড়ে পড়তে যাচ্ছিল বাফুফের পরিকল্পনা। অর্থ মন্ত্রণালয় অসম্মতি দিলেও আবার সেই ফাইল নড়তে শুরু করেছে। এ বিষয়ে গতকাল বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সরকারের শীর্ষ মহলের সঙ্গে কথা বলেছেন। অর্থ মন্ত্রণালয় পুনরায় খতিয়ে দেখছে। কীভাবে ফুটবলের জন্য বাজেট আনা যায় তার জন্য চেষ্টা করছে। সালাহউদ্দিন জানিয়েছেন, টাকা ছাড়া ফুটবলের জন্য কাজ করা যাবে না।

এই অর্থ পাওয়া গেলে জাতীয় দলের জন্য নতুন করে পরিকল্পনা করবেন তিনি। জামাল ভুঁইয়াদের দিয়ে দেশের ফুটবলের কতটা উন্নতি হবে তা নিয়ে তিনি নিজেও সংশয়ে রয়েছেন। কিন্তু টাকা ছাড়া ফুটবলের কাজও করা সম্ভব না। অর্থ মন্ত্রণালয়ে বাফুফের প্রকল্প নিয়ে আলোচনাও হয়েছে বলে জানা গেছে। খুব সহসাই একটা গতি পাবে বাফুফের প্রকল্প। টাকার সংস্থান হলে বছরে ১০০ কোটি টাকার পাওয়া যাবে। তা দিয়ে জাতীয় দলের জন্য আলাদা ক্যাম্প করবে বাফুফে। 

সালাহউদ্দিন জানিয়েছেন, জাতীয় দলের জন্য খেলোয়াড়দেরকে বেতন ভুক্ত করা হবে। চার মাসের জন্য চুক্তি করা হবে। যাদের পারফরম্যান্স ভালো হবে না তাকে ক্যাম্প থেকে বিদায় করে দেওয়া হবে। 

সালাহউদ্দিন বলেন, ‘যাওয়া আসার মধ্যে থাকতে হবে। পারফরম্যান্স বিচার করার জন্য লোক থাকবে। তখন ক্লাবের খেলোয়াড় নিয়ে ভাবতে হবে না। ক্লাব ফুটবলে বেশির ভাগ খেলোয়াড়ের ফিটনেস কম। জাতীয় দলে খেলতে গিয়ে ফিটনেস ঘাটতিতে পড়েন ফুটবলাররা।’

সরকারের অর্থ পাওয়া গেলে ক্লাবগুলোকে টাকা দিতে চান সালাহউদ্দিন। কিন্তু কেন সালাহউদ্দিন টাকা দেবেন জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘ক্লাবগুলোকেও আমরা টাকা দিতে চাই।’ বাজেটে থাকা উল্লেখযোগ্য এখানে ছেলে ও মেয়েদের চারটি ফুটবল একাডেমির জন্য ৩৫৭ কোটি, বিভিন্ন টুর্নামেন্টের জন্য ৯৭ কোটি টাকা, কোচদের বেতন ৯৩ কোটি টাকা।