জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা জজ মিয়া একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২২ সালের শেষ দিকে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপি নেতা হিসেবে ওয়ার্ড কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন জজ মিয়া। বিএনপির উপজেলা ও ইউনিয়ন কমিটি ওই কমিটির অনুমোদন দেন ২০২১ সালের ১০ নভেম্বর। জজ মিয়া বিএনপির অনুমোদিত কার্যকরী কমিটির ২৮নম্বর সদস্য।
অপর দিকে ২০২২ সালে একই ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন হয়। আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি নির্বাচিত হন জজ মিয়া। ২০২২ সালের ১৭ অক্টোবর আওয়ামী লীগ ওই কমিটির অনুমোদন দেয়।
এ ব্যাপারে জজ মিয়া বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। কিন্তু বিএনপির কমিটিতে কিভাবে আমার নাম অন্তর্ভুক্ত হয়েছে তা আমার জানা নেই।’
সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বলেন, ‘জজ মিয়া বিএনপির সদস্য তা আমার জানা নেই। তবে বিএনপির কমিটিতে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।’
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম বলেন, ‘কমিটি আমার আমলে হয়নি। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের আমলে কমিটি হয়েছে। কমিটির অনুমোদনও তারাই দিয়েছেন। তাই আমি বিষয়টি নিয়ে ভালো কিছু জানি না। তবে বিষয়টি নিয়ে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা হবে। আলোচনার পরেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’