সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ

বরিশালের উজিরপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অনিয়মের প্রতিবাদ করায় প্রধান শিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষিকা। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। 

জানা যায়, উপজেলার হস্তিশুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আব্দুল কাদির প্রায়শই স্কুলে না আসা এবং শ্রেণিকক্ষে মোবাইল ফোনে কথা বলেন। প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া যেকোনো সময় বাইরে ঘুরতে যান। এছাড়া অন্যান্য শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় ৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষিকাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং একপর্যায়ে প্রধান শিক্ষিকা নুপুর কর্মকারকে মারধর করার জন্য তেড়ে আসেন।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষিকা অভিযোগ করে বলেন, শেখ আব্দুল কাদির সরকারি আইন ও নিয়মকানুনকে তোয়াক্কা করে না। এছাড়া নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত । 

অভিযুক্ত সহকারী শিক্ষক শেখ আব্দুল কাদির বলেন, আমার সামান্য ভুল হয়েছে। গত ২ এপ্রিল প্রধান শিক্ষিকার কাছে না বলে নামাজ ও বাথরুমে যাওয়ার জন্য বাড়িতে যাই। এ কারণে প্রধান শিক্ষিকা নুপুর কর্মকার আমার বিরুদ্ধে বিভিন্ন মহলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাছলিমা বেগম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।