অবশেষে অনেক আন্দোলন সংগ্রামের পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের বিষয়টি প্রত্যাহার করা হচ্ছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেওয়া হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী শনিবার এ বিষয়ে বোর্ড সভা ডেকেছে।
সেখানে শহীদ চান্দু স্টেডিয়ামের মূল মালিক জাতীয় ক্রীড়া পরিষদ এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বুধবার (৫ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন।
বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, 'শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারে বিসিবি নীতিগতভাবে রাজি হয়েছে। আগামী শনিবার প্রেস ব্রিফিং করে ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে সংস্থাটি। এর আগে এ বিষয়ে সভা হবে বিসিবিতে। সভায় উপস্থিত থাকার জন্য বিসিবির পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদ এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।'
উল্লেখ্য, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে দ্বন্দ্বে স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে স্টেডিয়ামটি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় বিসিবি। ২ মার্চ এনএসসি সচিব বরাবর পাঠানো বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে স্টেডিয়ামটি হস্তান্তরের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর ওই দিনই শহীদ চান্দু স্টেডিয়ামে কর্মরত বিসিবির ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বগুড়া থেকে প্রত্যাহার করে পরে রাজশাহী ও রংপুর বিভাগীয় স্টেডিয়ামে বদলি করা হয়। এ ছাড়া স্টেডিয়ামে থাকা রোলার, পিচ কাভারসহ মাঠ ও খেলার যাবতীয় সরঞ্জাম এবং ড্রেসিংরুমের আসবাবপত্র ঢাকায় নিয়ে যায় বিসিবি।
এ ঘটনার পর বগুড়া জেলা ক্রীড়া সংস্থা সভা করে। ওই সভার কিছু সিদ্ধান্তের রেজল্যুশনসহ ভেন্যু পুনর্বিবেচনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির কাছে ৭ মার্চ চিঠি পাঠানো হয়। এ ছাড়া গত ২০ মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সাক্ষাৎ করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এ সময় তিনি বিষয়টি পুনর্বিবেচনার সুপারিশ করে পৃথক একটি আবেদন তুলে দেন প্রতিমন্ত্রীর হাতে। জাহিদ আহসান ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস দেন।
বগুড়া-৬(সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, 'ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেছিলাম। বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামও ভেন্যু ফিরিয়ে আনতে জোর তৎপরতা অব্যাহত রেখেছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়েছিল।'