সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে ৩ তলা বাড়ি কেনার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৮ জুনের মধ্যে দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন আদালত। আজ পর্যন্ত মামলার তদন্ত শেষ করতে ৭ বার সময় নিলো দুদক।
অর্থ পাচার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বৃহস্পতিবার (৬ এপ্রিল) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এ আদেশ দেন।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি এসকে সিনহা ও তার ভাইয়ের ৩টি ব্যাংক হিসাব এবং অনন্তের নামে যুক্তরাষ্ট্রে একটি ৩ তলা বাড়ি জব্দের উদ্যোগ নিতে দুদককে নির্দেশ দেন আদালত। গত ২০ ফেব্রুয়ারি আইওর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। গত বছরের ৩১ মার্চ মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়। দুদকের মামলায় বলা হয়, ২০১৮ সালের ১২ জুন সিনহা তার ভাইয়ের নামে ২ লাখ ৮০ হাজার ডলারে বাড়িটি কিনেন। ২০২১ সালের ৯ নভেম্বর ৪ কোটি টাকা পাচারের মামলায় এসকে সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।