শাবিতে সব হলে ছাত্রলীগ কর্মীকে প্রবেশে নিষেধাজ্ঞা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগ কর্মী ইফতেখার আহমেদকে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে প্রবেশে নিষিদ্ধের নোটিশ দেওয়া হয়। বুধবার (৫ এপ্রিল) রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এ নোটিশ দেন।  

ছাত্রলীগ কর্মী ইফতেখার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়ার অনুসারী।

sabi.JPG22

জানা যায়, শাহ পরাণ হলের ২৩৯ নম্বর কক্ষের বৈধ শিক্ষার্থী দেলোয়ার হোসেন। ১৪ ফেব্রুয়ারি রাতে হলের ওই কক্ষে অভিযুক্ত সাদ্দাম অতিরিক্ত শিক্ষার্থী থাকার জায়গা করেন। এতে প্রতিবাদ করায় ২৪ ফেব্রুয়ারি রাতে বিছানাপত্রসহ দেলোয়ারকে হল থেকে বের করে দেওয়া হয়। এ সময় সাদ্দামের নেতৃত্বে ইফতেখার, আশিকুরসহ প্রায় ১৫ জন ছাত্রলীগকর্মী মিলে  হুমকি দেন দেলোয়ারকে। এ ঘটনায় দেলোয়ার হোসেন গত ২৬ ফেব্রুয়ারি প্রক্টরের কাছে তার নিরাপত্তা ও হলের আসন নিশ্চিতে লিখিত অভিযোগ দেন। 

দেলোয়ারের ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ মার্চ সাদ্দাম হোসেন, আশিকুর রহমানকে শাহপরাণ হল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ওই ঘটনায় ইফতেখার আহমেদকে শাহপরাণ হলে নিষিদ্ধ করা হয়।