ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মোবাইল গিলে ফেললেন তরুণী

ভারতের মধ্য প্রদেশের ভিন্দ জেলার এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। এক তরুণী তার ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর রেগে গিয়ে আস্ত মোবাইল ফোন গিলে ফেলেছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ জানায় আঠারো বছরের ওই তরুণীর কাছে মোবাইল ফোনটি থাকত। কিন্তু সেটি তার ভাই ব্যবহার করতে শুরু করায় ঝামেলার সূত্রপাত। ভাইকে একাধিক বার ফোন ধরতে নিষেধ করেছিলেন। কিন্তু তার পরেও সে একই কাজ করে যাচ্ছিল। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কাথা কাটাকাটিও হত প্রায়ই। কিন্তু মোবাইলের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে হুট করে গিলে ফেলেন সেই তরুণী। এমনটাই জানিয়েছেন তরুণীর পরিবারের সদস্যরা।

মোবাইল গিলে ফেলার কয়েক ঘণ্টা পরই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণা বাড়তে থাকায় তরুণীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ব্যথার কারণ খতিয়ে দেখতে আলট্রাসাউন্ড ও অন্যান্য পরীক্ষা করা হলে তার পেটে মোবাইল ফোনের সঠিক অবস্থান পরিষ্কার হয়ে যায়।

গোয়ালিয়রের জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আর কে ধাকড় জানান, মেয়েটির পেট থেকে মোবাইল ফোন বের করা হয়েছে। মোবাইলটি গলা থেকে নেমে মেয়েটির পেটে পৌঁছে যায়। সে কারণে তিনি অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন।

চিকিৎসকরা বলেছেন, মানুষের গলা দিয়ে এত বড় জিনিস পেটে পৌঁছনোর ঘটনা এই প্রথম। তবে সফলভাবে অস্ত্রোপচার করায় মেয়েটির জীবন রক্ষা পেয়েছে।