আল-আকসায় ইসরায়েলি তাণ্ডবের তীব্র নিন্দা বাংলাদেশের

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে গত ৫ এপ্রিল ভোরে নামাজের সময় নিরপরাধ মুসল্লি ও বেসামরিক নাগরিকদের ওপর চালানো দখলদার ইসরায়েলি বাহিনীর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে বলা হয়, ইসরায়েলি বাহিনী কর্তৃক মৌলিক নাগরিক রীতিনীতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ।

t

‘বাংলাদেশ বিশ্বাস করে, ধর্মীয় স্বাধীনতাকে অবশ্যই মৌলিক মানবাধিকার হিসেবে গ্রহণ করতে হবে এবং বিশেষ করে পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, অধিকৃত অঞ্চলগুলোতে আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী এ ধরনের বারবার সহিংসতা বন্ধে টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন মাতৃভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে। সেইসঙ্গে পুনর্ব্যক্ত করে দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষের অবস্থান।