টিজারে ফিউচার গড়ে দিতে চাইলেন অ্যালেন স্বপন!

ঈদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিতে পর্দায় আসছেন শামসুর রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন। গেল বছরের ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিরিজ ‘সিন্ডিকেট’ এর সেই মূল হোতা দেখা দেবেন পরিপূর্ণ রূপে। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় সিরিজটিতে নিশো ছাড়া চট্টগ্রামের লোকাল ভাষা ও কিছু পাঞ্চলাইন দিয়ে বাড়তি স্পটলাইট পেয়েছিলেন এই ‘অ্যালেন স্বপন’।

সেই অ্যালেন স্বপনের অতীত ও বর্তমান নিয়ে নির্মিত হয়েছে সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। বৃহস্পতিবার বিকেলে উন্মুক্ত হয় সিরিজটির টিজার।

৫০ সেকেন্ডের টিজারে এক শ্বাসরুদ্ধকর অবস্থা দেখা যায়, যেখানে অ্যালেন স্বপন কাউকে ঠান্ডা কথায় থ্রেট করছেন আবার ভরসাও দিচ্ছেন এই বলে যে, ‘আপনার পিউচার নিচ্চয়তার গ্যারান্টি আমি দিবো’। টিজারের শেষ দিকে এসে এক ঝলক দেখা মিলে মিথিলারও।

ছবি: সংগৃহীত

নাসির উদ্দিন খান ছাড়া এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে মিথিলাকে, যেখানে তার নাম থাকে শায়লা।

মিথিলা বলেন, ‘শায়লা খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র। এই কাজটি দিয়ে অনেক দিন পর শিহাব ভাইয়ের সাথে কাজ হলো। এখনই এটা নিয়ে কিছু বলতে চাই না। দর্শকরা দেখার পরই বুঝতে পারবে আমার চরিত্রের গভীরতা। এই চরিত্রটার গল্প আছে এখানে।’

পরিচালক শিহাব শাহীন জানান, চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিং এর মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে আসবে এই সিরিজে।

৬ পর্বের এই সিরিজে নাসির উদ্দিন খান-মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ প্রমুখ। আসছে ঈদে ওটিটি প্লাটফর্ম চরকিতে এটি মুক্তি পাবে।