পঞ্চগড়ে এক অসহায় নারী ও দুই এতিমের জমি দখল করে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ নির্মাণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবে সৈয়দা আনোয়ারা বেগম নামে এক নারী সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
এদিকে শনিবার (৮ এপ্রিল) বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এই মেডিকেল কলেজ উদ্বোধন করবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সদর উপজেলার দারিয়াপাড়া এলাকায় তার স্বামীর কেনা ১ একর ২০ শতক জমিতে বসবাস করেন। এরমধ্যে ৫০ শতক জমি এক পুলিশ কর্মকর্তার কাছে বাকি ৭০ শতক জমি ওই এলাকার আলম হোসেন নামে এক চাষিকে বর্গা দেন। ২০২২ সালের ১২ জুন জাহাঙ্গীর আলম রানা নামের এক ব্যক্তি নর্থ পয়েন্ট মেডিকেল কলেজের পরিচালক পরিচয় দিয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের জমিটি দখল করে টিনের বেড়া দিয়ে মাটি ভরাট করতে থাকে। এ সময় ওই বর্গাচাষি ও ওই বৃদ্ধা বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে মামলা করলে আদালত নিষেধাজ্ঞার আদেশ দিলে কিছুদিন কাজ বন্ধ থাকে থাকে। গত ১৭ ফেব্রুয়ারি আবারও মাটি ভরাট শুরু করে। এ সময় বাধা দিতে গেলে তিনি ও তার ছোট বোন মরিয়ম ইয়াসমিন সেলিকে মারধর করে। একপর্যায়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় তিনি মামলা করেন।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী নারী বলেন, কিছুই করতে পারছি না। এক বছর ধরে জমিতে যেতে পারি না। জমিতে গেলে আমাকে ও আমার বোনকে মারধর করে সন্ত্রাসীরা। জমি রক্ষায় কাফনের কাপড় পড়ে অনশন করবো। এতে মৃত্যু হলেও আমাকে এটা করতে হবে। এতিম সন্তানরা বলতে পারবে জমির জন্য বাবা গেছে, মায়েরও মৃত্যু হয়েছে।
ভু্ক্তভোগীর ছোট বোন মরিয়ন ইয়াসমিন সেলি বলেন, অন্যায়ভাবে আমার বোনের জমি দখল করে আছে। তারা যদি ন্যায্যমূল্যে জমি কিনতে চায় আমরা বিক্রি করতেও রাজি আছি। কিন্তু তারা জমি কিনেও নিচ্ছে না দখলও ছাড়ছে না। এরমধ্যেই মেডিকেল কলেজের কাজ শুরু করছে।
নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম রানা বলেন, মেডিকেল কলেজটি ৩২ একর জমির মধ্যে নির্মিত হচ্ছে। কারও জমি দখল করিনি। ক্রয় করা জমির মধ্যে একটি দাগে ২-১ শতক জমি কেউ দাবি করতে পারে। তারপরও তারা আদালতে মামলা করেছে। এ বিষয়ে আদালত রায় দিবে। আর জমিতে নিষেধাজ্ঞার কোনো কাগজ আমরা পাইনি। এখানে ওই নারীর কোনো জমি নেই।