বঙ্গবাজারে আগুন: পুলিশের ওপর হামলায় রিমান্ডে ৫

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস সদর দপ্তর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ জনকে এক দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। শুক্রবার (৭ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 

বংশাল থানায় করা দুই মামলায় রিমান্ডে পাঠানো পাঁচ আসামি হলেন-শওকত হোসেন, ইদ্রিস, খলিল, জাহাঙ্গীর ও আল-আমিন। 

এছাড়া দুই আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন-বেলায়েত হোসেন ও জসিম। 

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের এনেক্সকো টাওয়ার এবং আরও কিছু ভবন।

bongobazar

ওইদিন বেলা সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিস সদরদপ্তরে উত্তেজিত জনতা ঢিল ছোড়ে এবং নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালায়। তাতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী ও পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার নাম উল্লেখ না করে ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে বংশাল থানার এসআই মো. ইসরাফিল বাদী হয়ে মামলা করেন।