বরিশালের আগৈলঝাড়ায় পুলিশকে মারধর করার জেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ সহযোগী জিয়া ফরিয়া ও মনির পাইককে শনিবার (৮ এপ্রিল) রাত দশটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে পুলিশের ওপর হামলাকারী জাকির পাইককে আটকের জন্য একদল পুলিশ শনিবার রাতেই জাকিরের যবসেন গ্রামের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ঘরের মালামাল ও আসবাবপত্র তছনছ করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতা জাকিরের স্ত্রী মুসলিমা বেগম ও ভাবি শাহিনা বেগম।
জানা যায়, শনিবার ইফতারের আগ মুহূর্তে ভূদেব চন্দ্র বিশ্বাস সমন ডিউটি করে মোটরসাইকেল যোগে থানায় ফিরছিলেন। পথিমধ্যে উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদের গেটের সামনে পৌঁছলে জাকির পাইক রাস্তার ওপর মোটরসাইকেল রেখে গল্প করায় পুলিশ সদস্য ভূদেব হর্ণ দিলে কিছু বুঝে ওঠার আগেই ক্ষিপ্ত হয়ে জাকির পাইক তাকে এলোপাতাড়ি চর, কিল ঘুষি মারতে শুরু করে। জাকিরের সঙ্গে তাৎক্ষণিক মারধরে যোগ দেয় তার বংশের মনির পাইক, জিয়া পাইক, শহীদ পাইকসহ ৯/১০জন। এ সময় ভূদেব হেলমেট খুলে নিজেকে থানা পুলিশ সদস্য পরিচয় দিলেও হামলাকারীরা শান্ত না হয়ে অর্তকিতভাবে ভূদেবের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে এবং গালাগাল করে। তবে ঘরে ঢুকে মালামাল তছনছ করার অভিযোগ অস্বীকার করে ওসি গোলাম সরোয়ার বলেন, হামলাকারীরা মামলা থেকে রেহাই পেতে অভিযুক্তদের পরিবারের সদস্যরা মিথ্যা অপপ্রচার করেছে।
থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক (৪৪) তার সহযোগী জিয়া ফরিয়া (৩৮) মনির পাইককে (৩৮) আটক করে।
ওসি জানান, শনিবার রাতেই আহত পুলিশ সদস্য ভূদেব চন্দ্র বিশ্বাস বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, জাকিরের বড় ভাই বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, একই গ্রামের জিয়াউর রহমান পাইক, জহিরুল ইসলামক পাইক, মনির পাইক, সান্টু ফকির, রুহুল ফরিয়া, বকর পাইকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামি করে মামলা করেছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই আলী হোসেন জানান, শনিবার রাতে আটক ছাত্রলীগ নেতা জাকির পাইকসহ তিন জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার পুলিশের ওপর হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার শিকার পুলিশ সদস্য শ্রী ভূদেব বিশ্বাসের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত জাকির পাইকসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।