কার্টুনে ‘নারীর প্রতি সহিংসতা’ এবং বিবেকে ধাক্কা!

সাইফুল ইসলাম জুয়েল

 

কার্টুন হলো সার্বজনীন ভাষা। সহস্রাধিক শব্দের চেয়ে কার্টুনের ভাষায় খুব সহজেই সবার কাছে পৌঁছা যায়। কার্টুনকে উপজীব্য করে ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে ‘নারীর প্রতি সহিংসতা’ এই বিষয়ের উপর সম্প্রতি রাজধানীর দৃক গ্যালারিতে অ্যাকশন এইড-এর তিনদিনব্যাপী ‘ফেমিটুন’ শীর্ষক প্রদশর্নীর আয়োজন করা হয়। ২৬-২৮ নভেম্বর এই তিনদিনের আয়োজনে অংশ নিয়েছেন কার্টুন ম্যাগাজিন ‘উন্মাদ’-এর ২৫ জন কার্টুনিস্ট। সর্বমোট ৫৩টি কার্টুন চিত্রে ফুটে উঠে নারী নির্যাতনের নানা দিক। অ্যাকশন এইডের বাংলাদেশি কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির জানান, ফেমিটুন প্রদর্শনীর মাধ্যমে নারীর প্রতি যেসব বৈষম্য আর নির্যাতন হচ্ছে যেগুলোকে বৈচিত্র্যপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। নারীর সেক্সুয়াল ও সন্তান জন্মদানের ব্যাপারকার যাবতীয় নিগ্রহ, বাল্যবিবাহ, যৌতুক, ধর্ষণ, এসিড সন্ত্রাস, নারীর সামাজিক কর্মে বাধাপ্রদান, লিঙ্গ বৈষম্যগত সমস্যা প্রভৃতি বিষয়গুলোতে ছোট-বড় নির্বিশেষে এখানে ফোকাস করা হয়েছে। বিষয়গুলো যাতে মানুষের বিবেককে নাড়া দেয়। আর এই কার্টুন প্রদর্শনী নারী নির্যাতনের প্রতিবাদে প্রচলিত ট্রেডিশনাল ক্যাম্পেইন থেকে বের হওয়ারই প্রয়াস। নারী নির্যাতন বিষয়টিকে কার্টুনের মাধ্যমে তুলে ধরার ব্যাপারে উন্মাদ সম্পাদক ও খ্যাতনামা কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, কার্টুনের ভাষায় যেহেতু হিউমার, উইট, স্যাটায়ার অছে তাই চট করে সবাই আনন্দের সঙ্গে বিষয়টা গ্রহণ করে, এবং মনে রাখে। এটি একটি সময়োপযোগী আয়োজন।

প্রদর্শিত কিছু কার্টুন এখানে ঠাট্টার পাঠকদের জন্য তুলে ধরা হলো—