শারীরিক উন্নতি নেই ডা. জাফরুল্লাহর, মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (৮১) গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৩ দিনে তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।

রোববার (৯ এপ্রিল) জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক করেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।

মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা গত তিন দিনে তেমন উন্নতি হয়নি। এই অবস্থায় তার চিকিৎসায় আজ রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক করা হয়।

তিনি বলেন, মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের রাখা হয়েছে। বৈঠক শেষে মেডিকেল বোর্ডের চিকিৎকরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা দেন।

এর আগে, গত শুক্রবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের সমন্বয়ক ডা. মহিবুল্লাহ খন্দকার বলেছিলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। দুই দিন আগে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা মাঝেমধ্যেই খারাপ হয়ে যায়। তার অবস্থা একটু ক্রিটিক্যাল।