দুই সন্তান রেখে প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও 

মাদারীপুরের কালকিনিতে দুই সন্তানকে রেখে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যর সঙ্গে পালিয়েছেন গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।

জানা গেছে, কালকিনি পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের মো. আজিজ মুন্সির ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হাকিম মুন্সির সঙ্গে দীর্ঘদিন ধরে ওই নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর জের ধরে গত মঙ্গলবার সকালে ওই গৃহবধূকে নিয়ে আব্দুল হাকিম পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার পর পরই তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া যুগলকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং উল্লেখ করেন তার স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছেন। 

গৃহবধূর স্বামী বলেন, আমার সংসারে ১০ মাসের একটি সন্তানসহ দুইটি সন্তান রয়েছে। আমার স্ত্রী তাদের ফেলে রেখে ঘরে থাকা টাকা পয়সা, গয়নাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে। আমার দীর্ঘদিনের জমানো সহায় সম্বল সব শেষ। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 

এ বিষয়ে কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন, ওই গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্বামী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।