সৌদি প্রতিনিধি দল ইয়েমেনে

শান্তি স্থাপনের উদ্দেশ্য নিয়ে ইয়েমেনের সানায় পৌঁছালেন সৌদি আরবের প্রতিনিধিদল। ইয়েমেনে গত আট বছর ধরে ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের লড়াই চলছে। এই পরিস্থিতিতে শান্তি স্থাপনের উদ্দেশ্য নিয়ে সৌদি প্রতিনিধি দলের সফর তাৎপর্যপূর্ণ।

সংবাদসংস্থা এএফপি ইয়েমেনের এক কূটনীতিককে উদ্ধৃত করে জানিয়েছে, কীভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, তার খোঁজ করতেই সৌদি প্রতিনিধি দল ইয়েমেন এসেছে। গত শনিবার (৮ এপ্রিল) ওমানের মধ্যস্থতাকারীরাও ইয়েমেনে পৌঁছেছেন। 

শান্তি স্থাপনের উদ্দেশ্য নিয়ে ইয়েমেনের সানায় পৌঁছালেন সৌদি আরবের প্রতিনিধিদল।

এএফপিকে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইরান ও হুতি বিদ্রোহীরা ছয় মাসের জন্য যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। এর মধ্যে তিনমাস রাখা হয়েছে আলোচনার জন্য। হুতিদের সংবাদসংস্থা সাবাও সৌদি প্রতিনিধিদের ইয়েমেনে আসার কথা জানিয়েছে। 

সাবা জানিয়েছে, হুতি নেতারা সৌদি ও ওমান প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন। হুতি নেতা মোহাম্মদ আল-বুকাইতি জানিয়েছেন, রিয়াদের সঙ্গে আলোচনা এখনই ফলপ্রসূ হবে কি না, তা বলার সময় আসেনি। যদি হয়, তবে তাহলে হুতি ও সৌদি আরব দুপক্ষেরই জয় হবে।

হুতি নেতারা সৌদি ও ওমান প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন।

মাস খানেক আগেই চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সমঝোতা হয়েছে। তারপরেই ইয়েমেনে শান্তি প্রচেষ্টা শুরু হলো। গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইরান ও সৌদির উচ্চপদস্থ কর্মকর্তারা বেইজিংয়ে আলোচনায় বসেছিলেন। তারা জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষে তারা কাজ করবেন।