সাঁথিয়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে মাসুম (১৭) নামে এক যুবকে পিটিয়ে আহত করে স্থানীয় কয়েক যুবক। পরে মারপিটের অপমান সইতে না পেরে সে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। মাসুম মিয়াপুর গ্রামের হারুণ-অর-রশিদের ছেলে।
স্থানীয় রাকিবুল ও আব্দুল হালিম অভিযোগ করে জানান, উপজেলার মিয়াপুর গ্রামের টুকাইয়ের ছেলে বাবুর মোবাইল ফোন বৃহস্পতিবার দুপুরে চুরি হয়। শুক্রবার সকাল ৮ টার সময় চুরি যাওয়া ফোন উদ্ধারে মিয়াপুর গ্রামের হারুণের ছেলে মাসুমকে চোরের অপবাদে আটক করে মারপিট করা হয়। এতে মাসুম অপমানিত বোধ করে এবং সকাল ৯ টার দিকে বাড়ির পাশে আম কাছের সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখে সাঁথিয়া থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে পাবনা মর্গে পাঠায়।
আরও পড়ুন: দু’এক দিনের মধ্যে ভ্যাপসা গরম কমতে পারে
ক্ষেতুপাড়া ইউপি পরিষদের চেয়ারম্যান মুনসুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, যুবকের আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআরএম