পাবনার সাঁথিয়ায় অগ্নিকাণ্ডে মারিয়া (৮) নামে এক শিশু পুড়ে মারা গেছে। এ সময় চারটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। মারিয়া নানার বাড়ি বেড়াতে এসেছিল। শিশুটি উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের মেয়ে।
গত রোববার বিকেলে ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের মোকছেদ প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, পাট, পেঁয়াজ, ধানসহ দুই ভাইয়ের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে মোকছেদের বাড়ির লোকজন উঠানে পেঁয়াজ কাটছিল। এ সময় ঘরের ভেতর হঠাৎ আগুন জলে ওঠে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা বাড়ির অন্যান্য ঘরে ও মোকছেদের ভাই আরশেদের ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় মারিয়া তার নানা আরশেদ আলীর ঘরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। অন্যান্য শিশুরা দৌড়ে চলে গেলেও মারিয়া তার নানার ঘরেই খাটের নিচে লুকায়। ঘরের চারদিকে আগুন ধরে গেলে মারিয়া খাটের নিচে পুড়ে মারা যায়। এ সময় মোকছেদের দুটি ও আরশেদের দুটি টিনের ঘরসহ মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসী ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জরিফ আহমেদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আগুনে পুড়ে তাদের দুই ভাইয়ের ব্যাপক ক্ষতি হয়েছে এবং শিশুটি পুড়ে অঙ্গার হয়ে গেছে। লাশটি তার বাবা রুবেল নিজবাড়ি নিয়ে গেছেন।
সাঁথিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল মান্নান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।