এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অঙ্কে (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) ৫ হাজার ১০২ কোটি ৭২ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সারা বছর টাকা কম পাঠালেও রোজা বা ঈদে দেশে প্রবাসী আয় পাঠানো বেড়ে যায়। এবারও তাই হয়েছে।
মার্চ মাসের ২৪ তারিখ থেকে রোজা শুরু হয়েছে। প্রবাসীরা তার আগে থেকেই দেশে পরিজনদের বেশি করে অর্থ পাঠানো শুরু করেছেন। মার্চ মাসে প্রবাসী আয়ে সেটা লক্ষ্য করা গেছে। মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২১০ কোটি ৭৭ লাখ ডলার। তার আগের মাস ফেব্রুয়ারিতে পাঠিয়েছিলেন ১৫৬ কোটি ডলার। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে। এ জন্য এ বছরের শুরুতে প্রবাসী আয়ে যে ভাটার টান লক্ষ্য করা গিয়েছিল, দুই মাস পর থেকেই তা আবার বাড়তে থাকে। প্রবাসী আয়ের চিত্র বিশ্লেষণ করলে সেটা লক্ষ্য করা যায়।
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চ সময়ে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫২৯ কোটি ডলার। এ বছরের ৯ মাসে বেশি এসেছে ৭৪ কোটি মার্কিন ডলার।
বিদায়ি ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।