চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে আজ। ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মোকাবেলা করবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
শেষ আটের এই ম্যাচ দিয়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগোর শিরোপা স্বপ্নে ফের বাঁধা হতে চলেছেন বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেল। এর আগে চেলসির হয়ে ম্যানসিটির ইউরোপীয় স্বপ্ন ধুলিস্যাৎ করে দিয়েছিলেন এই টুখেল। ২০২১ সালে এই কোচের দূরদর্শিতাতেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি।
তরুণ কোচ হিসেবে টুখেল সবসময় গার্দিওলার পরিচালনায় বার্সেলোনার আধিপত্যের প্রশংসা করতেন এবং দলটিকে সব সময় পর্যবেক্ষণ করতেন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছরে কাতালান ক্লাবটি ১৪টি শিরোপা জয়ে করেছে যার মধ্যে ছিল চ্যাম্পিয়ন্স লিগের দুটি।
পরে অবশ্য বার্সেলোনা ছেড়ে তিন বছর বায়ার্ন মিউনিখের দায়িত্ব পালন করেন গার্দিওলা। এতে পরস্পরের প্রতিপক্ষ হয়ে উঠেন এই দুই কোচ। কারণ ওই সময় প্রথমে মেইঞ্জ এবং পরে বরুশিয়া ডর্টমুন্ডের দায়িত্বে ছিলেন টুখেল।