রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ঘে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রেজভিন আক্তার নামের এক নারী গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে পীরগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জামতলা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার মহাদীপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ভ্যানচালক মোকলেছুর রহমান (৫০) ও একই উপজেলার কিশোরগাড়ি গ্রামের আলম মিয়ার ছেলে রেজওয়ান ইসলাম (১৬)। আহত রেজভিন আক্তার ও নিহত রেজওয়ান সম্পর্কে চাচাতো ভাই বোন।
বড়দরগা হাইওয়ে থানার ওসি সোলায়মান শেখ জানান, মঙ্গলবার দুপুরে ব্যাটারিচালিত একটি চার্জারভ্যানে করে বাড়ি ফিরছিলেন রেজভিন ও রেজওয়ান। ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন জামতলা এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের সময় পাবনা থেকে ছেড়ে আসা মহানগর পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসের ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ তিন জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ লাশ হস্তান্তর করা হবে।
আহত নারী যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা করা হলেও চালক-হেলপার পালিয়েছে। মামলা করা হয়েছে।