গাজীপুরে কাভার্ডভ্যানচাপায় ২ শিক্ষার্থী নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ ভূইয়াপাড়া এলাকায় সাজু মিয়ার ছেলে মেহেদী হাসান (১৪) ও তার ছোট ভাই মো. ইসরাফিল (৯)।

জানা যায়, গাইবান্ধা সদর এলাকার সরকারপাড়ার সাজু মিয়া দীর্ঘদিন ধরে কাশিমপুরের ভূইয়াপাড়ায় সপরিবারে বসবাস করে। তার বড় ছেলে মেহেদী হাসান ওই এলাকার সুলতান মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির এবং ছোট ভাই ইসরাফিল একই স্কুলের তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করত। মঙ্গলবার তার বাবার মোটরসাইকেল নিয়ে ছোট ভাইকে পিছনে বসিয়ে বড়ভাই মেহেদী কাশিমপুর-আশুলিয়ার শ্রীপুর সড়ক দিয়ে ঘুরে বেড়াতে ছিল। এ সময়ে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের দুই ভাইকে উদ্ধার করে গাজীপুরের সারাব এলাকায় শেখ ফাজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থার তাদের দুই জনের মৃত্যু হয়।

কাশিমপুর থানার এসআই মো. হানিফ জানান, ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।