মাদারীপুরের শিবচরে হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু সিয়ামকে ওসির সহযোগিতায় খুঁজে পেলো তার পরিবার। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন শিশুটিকে তার বাবা ও নানার হাতে তুলে দেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,'সোমবার বন্দরখোলা বাজার এলাকা থেকে শিশুটি পেয়ে শিবচর থানায় নিয়ে আসেন আমাদের এক পুলিশ সদস্য। শিশুটি নিজের নাম বলতে পারলেও বাবার নাম ও ঠিকানা কিছুই বলতে পারছিল না। রাতে আমাদের নারী ও শিশু ডেস্কের দায়িত্বরত উপ-পরিদর্শক রেনুকা আক্তার শিশুটির পরিচর্যা করেন এবং ওর কাছ থেকে তথ্য জানার চেষ্টা করেন। মঙ্গলবার সাংবাদিকদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি প্রকাশ করলে শিশুটির পরিবারের দৃষ্টিগোচর হয়।
ওসি আরও বলেন, 'শিশুটি মানসিক প্রতিবন্ধী। উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার আদেল মুন্সীকান্দি গ্রামের কৃষক ফারুক বেপারীর ছেলে। মঙ্গলবার দুপুরে শিশুটির পিতা ও নানার কাছে শিশুটিকে বুঝিয়ে দেয়া হয়।
উল্লেখ্য, মোহাম্মদ আনোয়ার হোসেন সম্প্রতি শিবচর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন। যোগদান করে তিনি তার মেধা কর্মদক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে শিবচরবাসীর হৃদয় জায়গা করে নিয়েছেন । থানাকে রেখেছেন ঘুষ ও দুর্নীতি মুক্ত । থানায় জিডি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্সসহ কোনো বিষয়ে টাকা পয়সা লাগে না। ওসির রুমের দরজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে । গরীব, দুঃখী, অসহায় মানুষগুলো যেমন সেবা পায় ঠিক বড়লোক মানুষগুলো একিই সেবা পায়। তার কাছে সবাই সমান। এছাড়াও তিনি বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে ছাত্রছাত্রী- শিক্ষকদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করছেন। শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চারসহ সাামজিক নানা বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখছেন। এসময় ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্ক করছেন । তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।