লিটনকে কোনো পরামর্শ দেননি সাকিব

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন লিটন দাস। দলে যোগ দেওয়ার পর মঙ্গলবার (১১ এপ্রিল) প্রথমবার কলকাতার জার্সি গায়ে অনুশীলন করেছেন বাংলাদেশি এই ব্যাটার।

এবারের আইপিএলে কলকাতায় লিটনের সঙ্গে খেলার কথা ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে পারিবারিক কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান সাকিব। দীর্ঘদিন আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। তবুও আইপিএল নিয়ে লিটনকে কোন পরামর্শ দেননি তিনি।

লিটন দাস।

মঙ্গলবার (১১ এপ্রিল) গণমাধ্যমকে সাকিব বলেন, 'লিটন যদি ওর মতো করে খেলতে পারে, অবশ্যই সফল হবে। ওকে কোনো পরামর্শ দিইনি। এ বিষয়ে ওর সঙ্গে কথাও হয়নি। তবে আমি নিশ্চিত, লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়েও অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে।'

সাকিব আল হাসান।

তিনি আরও বলেন, 'সে যদি সুযোগ (একাদশে) পায়, আমি চাইব ও যেন উপভোগ করে। এটা চাপ হিসেবে না নিয়ে উপভোগ করতে পারলে সফল হবে।'