প্রধান শিক্ষকের বিরুদ্ধে হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাসির উদ্দিন নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পুরাতন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভুক্তভোগী সহকারী শিক্ষক রুহুল আমিন গত ৩ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক নাসির উদ্দিন পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি ও হেনস্থা করে আসছে। গত ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করার জন্য সহকারী শিক্ষকদের থেকে চাঁদা দাবি করেন প্রধান শিক্ষক। এ সময় বিদ্যালয়ের ফান্ডের টাকা থেকে খরচ করার পরামর্শ দেন ভুক্তভোগী শিক্ষক। এ কথা বলায় প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে হেনস্থা ও স্বাক্ষর করতে দেবেন না বলে দেন। এরপর থেকেই দৈনিক হাজিরা খাতা তালাবদ্ধ করে রাখেন। খাতা দেওয়ার জন্য অনুরোধ করলে প্রধান শিক্ষক চাকরিচ্যুত না হওয়া পর্যন্ত দিবে না বলে হুমকি দেয়।

chapainobabgong-2

অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, হাজিরা খাতা আমার বাসায় রেখে এসেছি। দু’দিন পর দেখাবো। হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেওয়ার বিষয়ে তিনি বলেন- এ ব্যাপারে পরে কথা বলবো। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।