কাউখালীতে যুবকের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

পিরোজপুরের কাউখালীতে ২৩ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, তবে পরিবারের অভিযোগ তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসিব বয়াতী একই এলাকার ইউনুস বয়াতীর ছেলে।

স্থানীয়রা জানায়, হাসিবের বাবা ইউনুস বয়াতীর সঙ্গে প্রতিবেশী সাবেক মেম্বর মহারাজের সঙ্গে পূর্ব থেকেই পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার সন্ধ্যায় ইউনুস বয়াতীর সঙ্গে মহারাজ মোল্লার কথা কাটাকাটি হয়। পরে হাসিব মহারাজদের বাড়িতে যায়। অনেক সময় পার হওয়ার পর হাসিব বাড়িতে না ফেরায় স্বজনরা তার খোঁজে বের হন। এরপর মহারাজের বাড়ির কাছে মহসিনের চৌরাস্তার এলাকায় সেতুর গোড়ায় তাকে পরে থাকতে দেখে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে নিহত হাসিবের মা নিরু বেগম জানান, মহারাজ মোল্লার লোকজন সন্ধ্যার পর তার ছেলেকে ডেকে নিয়ে যান। পরে তাকে কুপিয়ে হত্যা করে।

কাউখালী থানার ওসি মো. জাকারিয়া জানান, হাসিবের বাবা ইউনুস বয়াতীর সঙ্গে সাবেক মেম্বর মহারাজ মোল্লার সম্পর্ক ভালো ছিল না। সন্ধ্যায় ইউনুস বয়াতীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরবর্তীতে হামলার ঘটনা ঘটে।

রাজাপুর থানার এসআই জানান, লাশ রাজাপুর থানায় রয়েছে। ময়না তদন্তের লাশ বৃহস্পতিবার ঝালকাঠী মর্গে পাঠানো হবে।