পবিত্র রমজানে ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বন্ধু সংগঠন ‘ঠিকানা-৮৭ ক্লাব’। বুধবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল এলাকায় রোজাদারদের হাতে ইফতার তুলে দেয় সংগঠনের সদস্যরা।
ইফতার পেয়ে সন্তোষ প্রকাশ করে রিকসা চালক সিরাজ বলেন, ইফতার পেয়ে ভালো লাগছে। আমাদের পক্ষে ইফতার কিনে খাওয়া সম্ভব না। তবে মাঝেমধ্যে ইফতার পাই। ইফতার পেলে খাই। যেদিন পাই না, সেদিন খাওয়া হয় না।
ইফতার বিতরণের পূর্বে ঠিকানা-৮৭ ক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ বলেন, আমরা এসএসসি-৮৭ ব্যাচের বন্ধুরা মিলে কল্যাণমুখী কাজ করতে চাই। সে লক্ষ্যে আমরা নানামুখী উদ্যোগ নিয়েছি। সেই চেষ্টা থেকে আজ ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতে এই ধরনের কাজ চলমান থাকবে।
সংগঠনটির পরিচালক শামসুদ্দিন দিদার বলেন, আমরা পর্যায়ক্রমে জাতীয়ভাবে অবদান রাখতে চাই। এমন আরো অনেক কাজ করার পরিকল্পনা আমাদের সংঘঠনের আছে। শুধু তাই নয় প্রজন্ম ৮৭’র জন্যেও আমরা কাজ করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সহসভাপতি শাহীন মেজবাহ, পরিচালক জাফর খন্দকার, কমলেশ সাহা, খালেদ আল মাসুদ লিংকন, আব্দুল মান্নান, একে আজাদ, শাহেদা ইসলাম মিতা, ক্লাব সদস্য ইসমাইল হোসেন ও খন্দকার ফিরোজ প্রমুখ।