যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালিদের নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘আমাকেও সঙ্গে নিও’। রাজিবুল ইসলাম রাজীবের রচনা ও কামাল উদ্দিনের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন অলিভ আহমেদ।
এতে অভিনয় করেছেন শোভন আনোয়ার, জোহরা হোসেন, আকাশ আহসান ও আয়নুন নাহার রলি। নতুনদের প্রাধান্য দিয়ে নাটকটি নির্মিত হয়েছে।
এ প্রসঙ্গে অলিভ বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু করতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমেরিকাতে নতুন মুখ নিয়ে নাটকটি নির্মাণ করছি। এরই মধ্যে বেশ কিছু নাটক প্রচার হয়েছে এবং আরও কিছু প্রচারের অপেক্ষায় রয়েছে। মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি ছেলেমেয়েদের বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য এই উদ্যোগ। এভাবে হয়তো যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝ থেকে ভালো অভিনেতা-অভিনেত্রী সন্ধান আমরা পাব। যাদের প্রতিভা আড়ালে রয়ে গেছে।’
আসছে ঈদে ‘আমাকেও সঙ্গে নিও’ আরটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন প্রযোজক অলিভ আহমেদ।