খুঁজে বেড়াই

g ব্রত রায়

মানুষটি সত্, দুর্নীতিতে

হননি তিনি যুক্ত

চরিত্র দোষ? সেসব থেকেও

আছেন তিনি মুক্ত।

 

শিক্ষিত লোক, রাজনীতিতেও

ভীষণ তিনি দক্ষ

পয়সা কড়ি নয় রে মোটেই

তার জীবনের মোক্ষ।

 

আয়টুকু তার অবৈধ নয়

 বৈধ পথেই লব্ধ

তার জবানে কেউ শোনেনি

একটা খারাপ শব্দ।

 

সবার পাশে থাকেন তিনি

সবার তিনি মিত্র

ভোটের আগে এবং পরে

হয় না বদল চিত্র।

 

 

মিষ্টভাষী বলে ওনার

সঙ্গ উপভোগ্য

বলতে পারি তিনি হলেন

সকল ভাবেই যোগ্য।

 

এমন কোনো প্রার্থীকে কেউ

ভোট না দিয়ে পারবে।

বরং তাকে ভোট না দিলে

আপশোষটাই বাড়বে।

 

সমস্যা স্রেফ এক জায়গায়

সমস্যাটা এই যে

এই নেতাটি কোথায় আছেন

সেটাই জানা নেই যে!

 

আমায় বলো তোমরা যদি

কেউ জানো তার পাত্তা

ভোটের মাঠে দেখছি শুধু

দুষ্ট যত আত্মা।

 

(কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর

‘ইচ্ছে করে’ অবলম্বনে)