মাদারীপুরে গ্রাম পুলিশকে কুপিয়ে জখমের অভিযোগ

মাদারীপুরে এক গ্রাম পুলিশকে কুপিয়ে জখম করা অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

কালকিনি উপজেলার নতুন চরদৌলতখান গ্রামে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ ঘটনা ঘটে।

আহত নুরুল আমিন বাদশা (৫৫) নতুন চরদৌলত খান গ্রামের আদম সরদারের ছেলে ও চর দৌলতখান ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার পদে কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিল নুরুল আমিন বাদশা। মাঝপথে নতুন চরদৌলত খান গ্রামের হাতেম সরদারের বাড়ির সামনে তাকে গতিরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় নুরুল আমিনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়ারা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা হতে পারে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে।