কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়াজিদ মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে পাকুন্দিয়া পৌরশহরের টিএনটি অফিস সংলগ্ন ভাড়া বাসায় ওই যুবকের মৃত্যু হয়। সে উপজেলার চরফরাদী গ্রামের মৃত গেনু মিয়ার ছেলে।
জানা যায়, নিহত ওয়াজিদ মিয়া তার স্ত্রী মাহমুদা আক্তার আয়শাকে নিয়ে গত তিন মাস ধরে পৌর শহরের টিএনটি অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সকালে ওই বাসার বারান্দায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওয়াজিদ মিয়াকে ঝুলতে দেখেন স্ত্রী মাহমুদা।
পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ২৫০শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: ছেলের সামনে বাবাকে পেটানো সেই পুলিশ কর্মকর্তা সাসপেন্ড
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. মফিজুর রহমান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
ইত্তেফাক/অনি