সুদানের রাজধানী খার্তুমে তুমুল গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেশ কয়েক দিন ধরে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছিল। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ এপ্রিল) সুদানের সেনাবাহিনীর সদরদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশেপাশেও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ ও বিমানবন্দরেও গোলাগুলি হয়েছে।
খার্তুমের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। শহরজুড়ে রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে। এই সময় বেসামরিক লোকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য পালাতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দক্ষিণ খার্তুমে দেশটির আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এ দখলে থাকা ঘাঁটিতে সংঘর্ষ বিকট বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
আরএসএফ এক বিবৃতিতে জানায়, খার্তুমের সোবায় ক্যাম্পে শনিবার সেনাবাহিনীর বিশাল দল প্রবেশ করছিল দেখে আরএসএফ বিস্মিত হয়ে যায়। সেনাবাহিনী সকল ধরনের ভারী ও হালকা অস্ত্র দিয়ে দ্রুত হামলা শুরু করে।
তবে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, আরএসএফ সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পে হামলা চালিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল নাবিল আবদুল্লাহ জানান, আরএসএফ এর যোদ্ধারা খার্তুম ও সুদানের বিভিন্ন জায়গায় সেনাক্যাম্পে হামলা চালিয়েছে।
দেশ রক্ষায় সেনাবাহিনী তার দায়িত্ব পালন করছে এবং সংঘর্ষ চলমান বলে জানান তিনি। দেশটির এক বিমানবন্দর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। আরএসএফ জানিয়েছে, তারা এই স্থাপনা দখলে নিয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় দুই শহরে আরও দুই বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে আরএসএফ।
এছাড়া আরএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার প্রেসিডেন্ট প্রাসাদ পুরোপুরি দখলে নিয়েছে। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সুদানের বিমান বাহিনী আধাসামরিক যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।