দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( হাবিপ্রবি) পবিত্ৰ ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে। শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১৪ এপ্রিলে শুরু হয়ে মোট ১৮ দিনের বন্ধ শেষে ১ মে খুলবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুর রহমান।
ঈদের ছুটি শেষে ২ মে থেকে যথারীতি ক্লাস- পরিক্ষা ও দাপ্তরিক কাৰ্যক্ৰম পুনরায় চালু হবে বলে জানান তিনি।
পরিবারের সঙ্গে বহুদিনের এই দূরত্বের কারণে চাপা কষ্ট ছিল শিক্ষার্থীদের মনে। অবশেষে সেই কষ্টের অবসান ঘটলো। ক্লাস-পরীক্ষা শেষ করে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও ছুটি কাটাতে বাড়ি ফিরছেন তারা।
এদিকে নাড়ির টানে বাড়িতে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। পরিবারের সঙ্গে দূরত্ব ঘুচে একসঙ্গে হবে ঈদ উদযাপন, এই আনন্দেই উচ্ছ্বাস শিক্ষার্থীদের। এ যেন, ঈদের আগেই আরেক ঈদ। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট, ফার্স্ট গেইট এবং থার্ড গেইট সংলগ্ন বাস্ট স্টপেজে এসে ব্যাগ-ব্যাগেজ নিয়ে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। একে অপরকে জড়িয়ে ধরে দিচ্ছেন বিদায়।
বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ফিরছেন গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দটা ঈদেরই অংশ অনেকটা । এটা দারুণ একটি অনুভূতি যা বছরে মাত্র দু'বারই আসে।